পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক

ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বৈরী আবহাওয়ার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে কর্তৃপক্ষ প্রায় ৪০ মিনিটের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দুপুর ১২টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম। তিনি জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফেরি চলাচল আবার নিয়মিতভাবে শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে পারাপার হচ্ছে।