
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক উন্নয়ন সংস্থা রুরাল অর্গানাইজেশন ফর সোশাল এমপাওয়ারমেন্ট (রোজ)।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সংস্থাটির উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, কোষাধ্যক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতা নিহিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সংস্থার নেতারা আরও জানান, রোজ শুধু মানবিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদে সামাজিক উন্নয়ন, যুব ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও পরিবেশ সচেতনতা নিয়েও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংস্থাটির উদ্যোগের প্রশংসা করে বলেন, সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রোজ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপকারভোগীরা ঈদের আগে সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, রুরাল অর্গানাইজেশন ফর সোশাল এমপাওয়ারমেন্ট (রোজ) দীর্ঘদিন ধরে লালমনিরহাট অঞ্চলে সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনার মতামত লিখুন :