আ.লীগ অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
আ.লীগ অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

জামালপুর পৌর শহরের জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে মাদক কেনাবেচার সময় এক তরুণীকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে সদর থানার আমলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শরীফ হায়দারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তরুণীর নাম অধরা (১৯)। তিনি মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে তার কাছ থেকে প্রায় এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর তিনজন পালিয়ে যায়। পলাতকরা হলেন নাইম, ফাহিম ও শিহাব—তারা জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার অধরাকে আদালতে পাঠানো হয়েছে।