সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক জজের 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবেক জজের 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন। রোববার (২৪ মে) রাত ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আল-হিকমা মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এম এ আউয়াল সরকার ওই এলাকার মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন বিচার বিভাগে দায়িত্ব পালন শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনটি শনাক্তে কাজ চলছে বলেও তিনি জানান।

এম এ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। কর্মজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর নেন।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।