
লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা, সাহিত্যপাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৫ মে) বিকেলে জেলার সাপটানা বাজারস্থ ‘পাঠশালা আধুনিক কিন্ডার গার্টেন’ প্রাঙ্গণে ‘স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক, সাংবাদিক ও শিক্ষক মুনিম হোসেন খন্দকার প্রতীক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষক এন. এইচ. আশিক।
প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী বেগম বিউটি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু সাম্য ও দ্রোহের কবি নন, তিনি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বর্তমান সময়ের সামাজিক অবক্ষয় রোধে তাঁর সাহিত্য ও জীবনদর্শন ধারণ করা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। বিশেষ করে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নজরুল চর্চার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খোচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ। তিনি নজরুলের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আলোকপাত করেন এবং মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া সাহিত্যপাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার শ. ম. শহীদ, সংগীত শিল্পী রাওয়ানা মার্জিয়া, কবি ও লেখক আজিজুর রহমান, কবি ও শিক্ষক আজমেরী পারউইন লাবনী, সংগীত শিল্পী ও শিক্ষক আলেয়া ফেরদৌস লাকী, কবি রেখা রানী, সাংবাদিক ফারুক আহমেদ সূর্য, কবি ইব্রাহীম সরদার, সিনিয়র স্টাফ নার্স সিলভিয়া বর্মনসহ স্থানীয় আরও অনেকে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে স্থানীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন। এর মধ্য দিয়েই বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :