মামির মরদেহের পাশেই অস্ত্র নিয়ে বসেছিলেন ভাগনে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
মামির মরদেহের পাশেই অস্ত্র নিয়ে বসেছিলেন ভাগনে

মানিকগঞ্জের সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ খুন হয়েছেন। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার (২৮) ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ভাগনে রিপন মিয়া (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকেই অভিযুক্ত রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পর রিপন মিয়া ঘটনাস্থলে নিহতের মরদেহের পাশেই অবস্থান করছিলেন এবং তার হাতে ধারালো অস্ত্র ছিল। পরে পুলিশ এসে তাকে আটক করে।

এ ঘটনায় গ্রেপ্তারের আগে রিপন মিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্টোরি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন—“জীবনের লাস্ট স্টোরি, আমাকে সবাই মাফ করে দিয়েন।” বিষয়টি স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্যের সৃষ্টি করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ থেকেই এমন ভয়াবহ ঘটনার জন্ম হয়েছে, যা খুবই দুঃখজনক। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।