মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একই সঙ্গে গণপরিবহনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

সোমবার (২৫ মে) সকাল থেকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। উত্তরবঙ্গগামী মানুষের প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত এই এলাকায় দিনভর ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় প্রায় ৩০০টিরও বেশি শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় একযোগে ছুটি ঘোষণার কারণে হাজার হাজার শ্রমিক ও যাত্রী একসঙ্গে বাড়ি ফেরার পথে রওনা দেন। ফলে সকাল থেকেই চন্দ্রা এলাকায় যানজট ও জনসমাগমের চাপ তীব্র আকার ধারণ করে।

স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গের প্রায় ২৫ জেলার মানুষের প্রধান প্রবেশপথ এই চন্দ্রা এলাকা। প্রতিদিন লাখো মানুষ এই রুট ব্যবহার করলেও ঈদের সময় চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে চন্দ্রা-নবীনগর ও চন্দ্রা-গাজীপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়।

যাত্রীদের অভিযোগ, এ সুযোগে বিভিন্ন গণপরিবহনে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন। রংপুর ও বগুড়াগামী কয়েকজন যাত্রী বলেন, প্রতি ঈদেই অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হয়, তবে এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে।

এ বিষয়ে নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ মাঠে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। প্রশাসন জানিয়েছে, চন্দ্রা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রায় এক হাজার সদস্য মোতায়েন রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।