নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২

নওগাঁর পত্নীতলায় দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাতে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৪৫)। তরিকুল ইসলাম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিয়ামুল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ঘাতক যানটিকে শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, নজিপুর-ধামইরহাট সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।