দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে এবং বর্তমানে এ হার ১২২ শতাংশে পৌঁছেছে।

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি হাসপাতালের খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়েও খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। সেখানে টিকাদানের ফলে হামের সংক্রমণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এটি জনস্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, হামের টিকাদান কার্যক্রম এখনো চলমান রয়েছে। নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পাশাপাশি বিশেষ উদ্যোগের মাধ্যমে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হচ্ছে, যাতে কোনো শিশুই টিকাদান কার্যক্রমের বাইরে না থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন। দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন। এ সময় তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় আরও উন্নয়ন, চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতাল পরিষেবা আরও কার্যকর ও জনবান্ধব করার নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন জেলায় চলমান টিকাদান কর্মসূচির ফলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি ও ক্যাম্পেইনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সরকারের লক্ষ্য, আগামীতে দেশের সব শিশুদের শতভাগ টিকাদানের আওতায় আনা এবং টিকাবর্জিত রোগ নির্মূল করা।