ত্রাণ বিতরণ, হাসপাতাল পরিদর্শন ও উন্নয়ন কার্যক্রম সম্পন্ন

দিনাজপুরে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দিনব্যাপী কর্মসূচি


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
দিনাজপুরে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের দিনব্যাপী কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সোমবার (২৫ মে ২০২৬) দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রতিজনকে তিন হাজার টাকার চেক এবং এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং খাবারসহ সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

এছাড়া একই দিনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫–২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় সদর উপজেলার নয়টি মসজিদ ও মন্দির সংস্কারের জন্য ২৫ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।