গৃহবধূর মৃত্যুতে নতুন মোড়, কবর থেকে তোলা হলো লাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
গৃহবধূর মৃত্যুতে নতুন মোড়, কবর থেকে তোলা হলো লাশ

ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। দাফনের প্রায় পাঁচ মাস পর আদালতের নির্দেশে নিহতের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের রাঙ্গাপাড়া কবরস্থান থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহ উত্তোলন করে। নিহত রূপা আক্তার (২৫) উপজেলার আমড়াইল রাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা এবং মো. জাকির হোসেনের স্ত্রী ছিলেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর রাতে উপজেলার ইসমাইল হোসেনের মালিকানাধীন একটি টিনশেড বাসা থেকে রূপা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে নিহতের পরিবার দাবি করে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ ঘটনায় রূপা আক্তারের পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মো. রিদওয়ান আহমেদ রাফি, ডা. আকিব হোসাইন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খালেদ। এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. খালেদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।