এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় একটি ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ট্রাকচালকের নাম মো. হোসেন (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা। এ বিষয়ে দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে বাস-প্রাইভেটকার-বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। আহতরা হলেন বগুড়ার মোহাম্মদ তৌফিক সিদ্দিক, ফরিদপুরের সিনতিয়া এবং সিরাজগঞ্জের হামিদা।

ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোররাত থেকে কয়েক ঘণ্টা যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে নিহত ট্রাকচালকের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পৃথক দুই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।