ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার চার বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত হয়েছেন তার স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তারা পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।

বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনিছুর রহমান রংপুরে একটি বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কার পর তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঈদযাত্রার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।