নামাজ পড়তে গিয়েই আঁতকে ওঠেন মুসল্লিরা, কী ঘটেছিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১:০২ অপরাহ্ণ
নামাজ পড়তে গিয়েই আঁতকে ওঠেন মুসল্লিরা, কী ঘটেছিল

খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৩৫) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে হরিণটানার জয়খালী ব্রিজ সংলগ্ন বায়তুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজী ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে গেলে বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মাথায় ইট দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থলের পাশে একটি ইটও পড়ে থাকতে দেখা যায়। এতে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির একটি দল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, এমন একটি ধর্মীয় স্থানের পাশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় তারা উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “নিহত ব্যক্তি দিনমজুর ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্ন দিক থেকে তদন্ত চালানো হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।