চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নুরুল্লাহ (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছেলে সাইফুল্লাহ ক্ষিপ্ত হয়ে তার বাবা নুরুল্লাহকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন।

এ বিষয়ে মো. মহিনুল ইসলাম বলেন, “ছেলের হাতে বাবার খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফুল্লাহকে গ্রেপ্তারে অভিযান চলছে।