চকলেট কিনতে মিন্টু মিয়ার দোকানে গেল ৫ বছরের শিশু, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
চকলেট কিনতে মিন্টু মিয়ার দোকানে গেল ৫ বছরের শিশু, অতঃপর…

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিন্টু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মিন্টু মিয়া উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মনিহারি দোকানের মালিক। ভুক্তভোগী শিশুর বাবা জানান, তারা মূলত পাবনা জেলার বাসিন্দা। তিনি দেলদুয়ারের ডুবাইলে একটি কোম্পানিতে ট্রাকচালক হিসেবে কাজ করেন এবং পরিবারসহ ডুবাইল ওভারব্রিজ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাদের বাসার পাশেই অভিযুক্তের দোকান।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার বিকেলে শিশুটি দোকানে চকোলেট কিনতে গেলে মিন্টু মিয়া তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যান। এরপর সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটি দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার মা তাকে খুঁজতে গেলে দোকানের ভেতরে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় কান্নারত দেখতে পান। এ সময় অভিযুক্ত দোকান বন্ধ করে পালিয়ে যান।

ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে অভিযুক্ত মিন্টু মিয়া পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভিযুক্তের পক্ষ থেকে শিশুটির বাবাকে ফোন করে মামলা না করার জন্য হুমকি দেওয়া এবং অর্থের বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। এতে ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান শিশুটির বাবা।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।