
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুবরণ করা ১৬ জনের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১০ জন মারা গেছে। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন এবং নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম সন্দেহে ৫০ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪৬ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা সময়মতো টিকা না নিলে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও দ্রুত চিকিৎসা সেবা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :