সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হওয়া রিফাত নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) নিখোঁজ হওয়ার পর রোববার (২৪ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত রিফাত শেখ (১৬) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে পাঁচজনের একটি পর্যটক দল গুলিয়াখালী সৈকতে সাগরে সাঁতার কাটতে নামে। এ সময় হঠাৎ জোয়ারের স্রোতে তারা বিপদে পড়ে ডুবতে শুরু করে। স্থানীয়রা দ্রুত বোট নিয়ে এগিয়ে এসে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনার আগে স্থানীয়রা তাদের পানিতে না নামার জন্য সতর্ক করেছিলেন বলে জানা গেছে। তবে সতর্কতা উপেক্ষা করেই তারা সাঁতার কাটতে নেমে দুর্ঘটনার শিকার হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, খবর পেয়ে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং সাগর উত্তাল থাকায় অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

পরে রোববার ভোর থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান চালায়। বেলা ১১টার দিকে সাগরের জোয়ারে ভেসে উঠলে রিফাতের মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন।