সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার বাইশফাঁড়ি ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সীমান্ত সংলগ্ন পাহাড়ি খেতে কাজ করার সময় স্থলমাইনের বিস্ফোরণে তিনজন নিহত হন। নিহতরা সবাই চাকমা সম্প্রদায়ের বাসিন্দা।

নিহতরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম ভীতি বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদারের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে এবং ঘটনার কারণ ও পরিস্থিতি বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সীমান্ত এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় নতুন করে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।