যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার পর পুকুরে ভাসিয়ে দেওয়া হলো মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার পর পুকুরে ভাসিয়ে দেওয়া হলো মরদেহ

ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রোববার (২৪ মে) দুপুরে স্থানীয় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে এবং স্থানীয় যুবদলের কর্মী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে তার মরদেহ পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা ডোবায় মরদেহ দেখতে পেয়ে নলছিটি থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।