যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের যাত্রা। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন। একই সময়ে সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

শনিবার (২৩ মে) যমুনা সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে চলাচল করেছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

তবে আগের দিনের তুলনায় যানবাহন পারাপার ও টোল আদায়ে কিছুটা কমতি দেখা গেছে। শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার করেছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

সে হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলের জন্য প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন এ সেতু ব্যবহার করে থাকে।