মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের দোকান রক্ষা পেয়েছে।

রোববার (২৪ মে) ভোরে উপজেলার আটপাড়া এলাকায় কোল্ড স্টোরেজের সামনে ছনবাড়ী–মুন্সীগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, খালের ওপর কাঠের পাটাতনের ওপর নির্মিত একচালা টিনশেড মার্কেটের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পাশের দোকানগুলো রক্ষা পায়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের ফলে সড়কে সৃষ্ট যানজটও দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে মোট ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি দোকান ছিল খালি, আর বাকি পাঁচটিতে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং একটি দোকানে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশা। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও বস্তার স্টোরেজও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।