মসজিদে ঢুকে ইমামকে পেটালেন আইনজীবী!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
মসজিদে ঢুকে ইমামকে পেটালেন আইনজীবী!

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জুমার নামাজের আগে বয়ান চলাকালে এক মসজিদের ইমামকে গালাগালি ও মারধরের অভিযোগ উঠেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সুজাউদ্দিন আহাম্মেদ বুলবুলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ইমাম শনিবার (২৩ মে) বিকেলে সাংবাদিকদের কাছে মৌখিকভাবে এ অভিযোগ তুলে ধরেন। এর আগে শুক্রবার (২২ এপ্রিল) শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বাইতুল আকসা জামে মসজিদ কমিটির সভাপতি মো. খোরশেদ আলম। অভিযোগে বলা হয়, শুক্রবার জুমার নামাজের আগে বয়ান চলাকালে অ্যাডভোকেট সুজাউদ্দিন আহাম্মেদ বুলবুল কয়েকজনকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি ইমামকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং পরে তাকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

মসজিদ কমিটির দাবি, এ ঘটনা আকস্মিক নয়; বরং দীর্ঘদিন ধরে মসজিদের জায়গা ও সরকারি জমি দখল করে ব্যক্তিগত মার্কেট নির্মাণের চেষ্টা চলছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বছরের ২২ নভেম্বর মসজিদের দক্ষিণ পাশের ছাদের কার্নিশ ভেঙে ফেলা হয় এবং ওযুখানার নির্মাণকাজেও বাধা দেওয়া হয়। এ সময় একটি “পকেট কমিটি” গঠনের মাধ্যমে মসজিদ পরিচালনায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও তোলা হয়। ভুক্তভোগী ইমাম মুফতি খন্দকার আজহারুল ইসলাম বলেন, বয়ানের সময় তাকে মাইক ব্যবহার করতে বাধা দেওয়া হয় এবং পরে গালাগালির পাশাপাশি মারধর করা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট সুজাউদ্দিন আহাম্মেদ বুলবুল বলেন, মসজিদ কমিটির অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তার দাবি, ইমামকে সরানোর বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত ছিল। বয়ানের সময় কথা কাটাকাটি হলেও মারধর বা হেনস্তার ঘটনা ঘটেনি। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। শুক্রবারের ঘটনায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও সেটি মারামারি পর্যায়ে যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত তদন্ত ও নিরপেক্ষ সমাধানের দাবি জানিয়েছেন।