বিদ্যুতের তারে ঝুলছিল যুবক, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
বিদ্যুতের তারে ঝুলছিল যুবক, অতঃপর…

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার মেরামত করতে গিয়ে সোহান (প্রায় ২০–২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার ভাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইন্টারনেট ব্যবসায়ী রিপন হোসেনের এক কর্মচারী ভাথারিয়া এলাকায় গ্রাহক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। কাজ শেষ করে নিচে নামার সময় হঠাৎ তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতেই ঝুলে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, উদ্ধার করার সময় তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ ছিল এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন ইন্টারনেট ব্যবসায়ী বিদ্যুতের খুঁটিকে অবৈধভাবে তার টানার কাজে ব্যবহার করছেন। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকৌশলী সাহারুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট ব্যবসায়ীরা বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করছেন বলে জানা যায়। এ ঘটনায় একজন যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বলে তারা অবগত হয়েছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের খুঁটি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।