ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মো. হেলালউদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।