পাবনায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
পাবনায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে ৪ বছর বয়সী এক কন্যাশিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহাত প্রামাণিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেন, অভিযুক্ত রাহাত তাদের প্রতিবেশী। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাহাত শিশুটিকে কোলে নেওয়ার পাশাপাশি অশ্লীল ও কুরুচিপূর্ণ আচরণ করে আসছিলেন।

তিনি আরও বলেন, শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় রাহাত তাকে কোলে তুলে আদরের কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে ঘরের ভেতরে নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন তিনি।

শিশুটির বাবা জানান, পরে শিশুর কান্নার শব্দ শুনে তার মা ঘটনাস্থলে গেলে রাহাত তাকে ছেড়ে দেন। এরপর কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানার পর তারা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাহাত প্রামাণিককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মো. আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।