নার্সিং শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতালের কর্মকর্তা গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
নার্সিং শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতালের কর্মকর্তা গ্রেপ্তার

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ মো. মেহেদী হাছান (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমের নেতৃত্বে একটি দল হাসপাতালে অভিযান চালায়। পরে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাছান কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে সিনিয়র স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। মামলার বাদী একজন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে আসামি মেহেদী হাছান ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। দীর্ঘ সময় ধরে চলা এ নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বাধ্য হন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার তদন্ত ও পরবর্তী বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী এগিয়ে চলবে।