নবাবগঞ্জে ঘূর্ণিঝড়ে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত, দ্রুত সংস্কারের দাবি


নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
নবাবগঞ্জে ঘূর্ণিঝড়ে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত, দ্রুত সংস্কারের দাবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি আধাপাকা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যালয়টির টিনের চাল উড়ে যায় এবং চারপাশের দেয়াল ধসে পড়ে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, বিধ্বস্ত ভবনের ভেতরে শিক্ষার্থীদের বসার বেঞ্চও ভেঙে পড়ে রয়েছে, যা সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী জানান, বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বিষয়টি মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।