
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শয়নকক্ষ থেকে ৫০ বছর বয়সী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, মধ্যরাতে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করে।
স্বজন শাহিনা খাতুন জানান, সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা স্বপ্না বেগমের মরদেহ দেখতে পান। এ সময় ঘরের ভেতরে ধস্তাধস্তির চিহ্ন ও ভাঙা খাট পাওয়া যায় বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন নাগরিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :