ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক ছিনতাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক ছিনতাই

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গরুর মালিকসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) এবং ট্রাকচালক মো. তৈয়ব (২১)। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর এলাকা থেকে পাঁচটি কোরবানির গরু বোঝাই করে একটি ট্রাক ঢাকার দোহার উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে।

এরপর দুর্বৃত্তরা ট্রাকচালক ও গরুর মালিকদের মারধর করে ট্রাকসহ গরুগুলো ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই হওয়া পাঁচটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।

আহত হেলাল উদ্দিন ফরিদপুর সদর এলাকার শাহ জালালের ছেলে এবং জহিরুল হক একই এলাকার মো. মোতালেবের ছেলে। ট্রাকচালক তৈয়ব ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।স্থানীয়রা ধারণা করছেন, ট্রাকটি বেজগাঁও এলাকায় শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে প্রবেশের সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

এ বিষয়ে মিল্টন দত্ত জানান, ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিকভাবে ঘটনার বিস্তারিত জানা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।