ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পরিবহন চালক ও সাধারণ মানুষ।

রোববার (২৪ মে) ভোররাত প্রায় ৪টা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

জানা গেছে, যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন। এতে করে যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক শামীম মিয়া জানান, তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে আটকে আছেন। তিনি বলেন, “চোখে ঘুম চলে আসছে, কী করব বুঝতে পারছি না। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনার কারণেই এই যানজট।”

একই ভোগান্তির কথা জানিয়ে বাসচালক শহিদ বলেন, “বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, বলতে পারছি না।” এদিকে যানজটে আটকে থাকা এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না।”

এ বিষয়ে শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।