গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশে দিল জনতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পুলিশে দিল জনতা

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার সকালে ভুক্তভোগী নারী এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে শনিবার রাত ৯টার দিকে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

গ্রেপ্তার এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে পরিচিত। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারকে জানালে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার দুপুরে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। এরপর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে এনামুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, জনতার কাছ থেকে উদ্ধার করে অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে এ ঘটনায় ভিন্ন বক্তব্য দিয়েছেন স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের নেতারা। তাদের দাবি, অভিযুক্তকে ফাঁসানো হয়েছে এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত সত্য জানা যাবে।