
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, ঈদের আগে ও পরে মহাসড়কের পাশে কোনো অবস্থাতেই পশুর হাট বা অস্থায়ী বাজার বসতে দেওয়া হবে না, কারণ এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
রোববার (২৪ মে) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের চলমান সংস্কারকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন মালিক ও শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা গেলে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মজিবুর রহমান, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহন খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা গেলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :