ঈদে ঢাকায় মাংস কাটতে প্লেনে উড়ে আসছেন কসাইরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
ঈদে ঢাকায় মাংস কাটতে প্লেনে উড়ে আসছেন কসাইরা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন নীলফামারীর সৈয়দপুরের শতাধিক কসাই। পশু জবাই, চামড়া অক্ষত রেখে ছাড়ানো এবং নিপুণভাবে মাংস কাটার দক্ষতার কারণে ঢাকায় তাদের আলাদা কদর রয়েছে।

প্রতি বছরের মতো এবারও অনেকে ট্রেন ও বাসে করে ঢাকায় রওনা হয়েছেন। তবে সৈয়দপুরে বিমানবন্দর থাকায় বেশ কয়েকজন কসাই ঈদের এক-দুই দিন আগে বিমানে চড়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে কেউ কেউ বিমানের টিকিটও কেটে ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার সময় সৈয়দপুরের কসাইদের ব্যাপক চাহিদা থাকে রাজধানীর বিভিন্ন এলাকায়। তারা সাধারণত ঈদের তিন দিন ঢাকার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস টুকরো করা এবং ভাগ-বাঁটোয়ারার কাজ করেন। এই অল্প কয়েক দিনেই তারা সম্মিলিতভাবে প্রায় ২০ লাখ টাকার মতো আয় করে থাকেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশি জানান, এবার ঈদের আগের দিন ১০ সদস্যের একটি দল নিয়ে তিনি বিমানে ঢাকায় যাবেন। ইতোমধ্যে টিকিট কাটা হয়েছে। দলটিকে তিন ভাগে ভাগ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের পূর্বপুরুষরাও ঢাকায় গিয়ে কোরবানির কাজ করতেন। পশু জবাই থেকে শুরু করে চামড়া অক্ষত রেখে ছাড়ানো, মাংস পিস করা ও হাড় আলাদা করা—সব কাজেই আমরা দক্ষ। ছোটবেলা থেকেই এসব কাজ শিখে বড় হয়েছি।”

সৈয়দপুরের গোলাহাট এলাকার কসাই সুলতান জানান, ঈদের প্রায় এক মাস আগে থেকেই ঢাকার অনেক পরিবার তাদের বুকিং দিয়ে রাখে। তিনি বলেন, “মোহাম্মদপুরে আত্মীয় থাকায় আমি গত ২১ মে তিনজনের একটি দল নিয়ে বিমানে করে ঢাকায় চলে এসেছি। সাধারণত হাজারে ২০০ টাকা রেটে চুক্তি হয়। অর্থাৎ এক লাখ টাকার গরু কাটলে প্রায় ২০ হাজার টাকা পারিশ্রমিক পাওয়া যায়। আয় ভালো হওয়ায় বিমানে যাতায়াত করতেও সমস্যা হয় না।”

ঈদকে কেন্দ্র করে সৈয়দপুরের কসাইদের এই ব্যস্ততা এখন স্থানীয়ভাবে বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে।