শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

চট্টগ্রামে ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের খুলশী থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগান নালাপাড়া এলাকার একটি মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল বাতেন (৫৫) এর বিরুদ্ধে ওই দুই শিশুকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয় একজন ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত ইমামকে মসজিদের ভেতরে আটকে রাখে বলে জানা গেছে।

৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে খুলশী থানাকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সমীর এবং উদ্ধার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে ছিলেন পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম। পরে খুলশী থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী দুই শিশুর বক্তব্য গ্রহণ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।