
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও গোশালা রোডস্থ ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান।
শনিবার (২৩ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চেম্বার ভবনে উপস্থিত হয়ে নির্বাচন বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং ১৫ জন পরিচালক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩১ মার্চ স্থানীয় সাপ্তাহিক ‘আলোরমনি’ পত্রিকায় সংশোধিত তফসিল প্রকাশ করা হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরে আপিল ও শুনানি শেষে ২ জুন চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৩ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, মোকছেদুর রহমান দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অধিকার ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তার প্রার্থিতা ব্যবসায়ী সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মোকছেদুর রহমান বলেন, ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, চেম্বারকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল ব্যবসায়ীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আপনার মতামত লিখুন :