মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কচুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন বন্ধু মিলে সামির বড় ভাই জিসানের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘হানিফ এন্টারপ্রাইজ’ নামের একটি বাস পটিয়া আনসার ক্যাম্প এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন কিশোরের মৃত্যু হয় এবং পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত জয় (১৮) নামে আরেকজনকে প্রথমে পটিয়া হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বাস ও মোটরসাইকেলটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।