বাকিতে পান না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
বাকিতে পান না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাকি ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইশা মোল্লা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ইশা মোল্লা জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইশা মোল্লা নিয়মিত শ্রীবাসের দোকান থেকে পান কিনতেন। ঘটনার দিন দুপুরে তিনি ৩০ টাকার পান কিনে মাত্র ১০ টাকা দেন এবং বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা বাকি টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে ইশা মোল্লা শ্রীবাসের ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে শ্রীবাসকে মারধর করেন এবং পরে গলা চেপে ধরে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই শ্রীবাস চন্দ্র সাহার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাটির বিষয়ে অবগত হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।