নোয়াখালীতে বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
নোয়াখালীতে বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার ১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজসহ বিদ্যুৎ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে হাতিয়া থানার বোয়ালিয়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে সন্ত্রাসীর অনুসারীরা যৌথ বাহিনীর কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বলে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বিদ্যুৎ এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ দমনে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে।