নারীর অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩ জন গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
নারীর অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে এক নারীর অশ্লীল ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার ব্রী-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাসায় রাজমিস্ত্রীর কাজ করার সময় সেলিম তার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতেন। ওই সুযোগে তিনি ভুক্তভোগীর মোবাইল থেকে কিছু ছবি সংগ্রহ করেন। পরে সেগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। এরপর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।