দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নূরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আল-আমিন (১৬), মোখলেসপুর গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) এবং আফসারাবাদ কলোনির সমসের উদ্দিনের ছেলে কাইউম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও তার হেলপারকে আটক করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।