দাফনের এক ঘণ্টা পর লাশ চুরির চেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
দাফনের এক ঘণ্টা পর লাশ চুরির চেষ্টা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজার কানিপাড়া জামে মসজিদ কবরস্থানে দাফনের মাত্র এক ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে হারুন অর রশিদ ঢাকায় অবস্থানকালে মারা যান। পরে শুক্রবার তার মরদেহ গ্রামের বাড়িতে এনে কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন শেষে স্বজন এবং এলাকাবাসী বাড়িতে ফিরে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দাফনের প্রায় এক ঘণ্টা পর গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত গোপনে কবরস্থানে প্রবেশ করে। তারা সদ্য দাফন করা কবর খুঁড়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আশপাশের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা কবরস্থানের দিকে এগিয়ে যান।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী কবরস্থানে গিয়ে কবরের মাটি খোঁড়ার স্পষ্ট চিহ্ন দেখতে পান। ঘটনাটি ছড়িয়ে পড়লে রাতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এমন ভয়ঙ্কর ও অস্বাভাবিক ঘটনা আগে কখনো ঘটেনি। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদারেরও দাবি উঠেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লাভলু মিয়া বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছেন, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। অন্যদিকে মো. মামুনুর রশীদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।