ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, ঘাতক কাভার্ডভ্যানে আগুন দিল বিক্ষুব্ধ জনতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, ঘাতক কাভার্ডভ্যানে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

যশোরে কাভার্ডভ্যান, ইজিবাইক ও অপর একটি যানের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যানের চালককে আটক করে যানটিতে আগুন ধরিয়ে দেন এবং যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক ও ঘুনি পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়ার বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া গ্রামের আনোয়ার আলী (৭০) এবং চার বছর বয়সী শিশু সৌভিক সাহা। আহত সাজ্জাদ হোসেন (২৮)-কে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যান চাউলিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ইজিবাইকসহ অপর একটি যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও বৃষ্টি সাহা নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ার আলী ও শিশু সৌভিক সাহাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যান চালককে আটক করে এবং যানটিতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই স্থানে প্রতিরোধক নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

এ ঘটনায় যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার ও মহাসড়ক স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।