জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃ’ত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
জয়পুরহাটে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃ’ত্যু

জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মাহফুজুল ইসলাম। শহরের শিল্পকলা একাডেমির সামনে প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি পুলিশকে জানায়। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনার কারণ ও দায়ী যানবাহন শনাক্তে তদন্ত চলছে।