গাজীপুরে ১০৭ বোতল বিদেশি মদসহ সুজান মিয়া গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
গাজীপুরে ১০৭ বোতল বিদেশি মদসহ সুজান মিয়া গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১০৭ বোতল অবৈধ বিদেশি মদসহ সুজান মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (মধ্যপাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজান মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, র‌্যাব সদস্যরা শুক্রবার বিকেলে উপজেলার টেপির বাড়ির বাজার এলাকায় টহল ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, টেংরা গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধ বিদেশি মদ মজুত করে রেখেছেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কবির হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুজান মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাড়িতে বিদেশি মদ রাখার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে বাড়ির স্টোররুম থেকে বিভিন্ন রঙের ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা ১০৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি সঞ্জয় সাহা জানান, উদ্ধার করা মদের মোট মূল্য প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সুজান মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কারণে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল। তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান তারা।