গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন (পিকআপ চালক) নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আশুলিয়া থেকে কারখানার মালামাল নিয়ে একটি পিকআপ টাঙ্গাইলের গোড়াই এলাকার দিকে যাচ্ছিল। পথে গোয়ালবাতান এলাকায় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দেয়। এতে পেছন থেকে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঠিক সেই সময়ে পেছন থেকে আসা সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে আরও জোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক নাসির উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপের হেলপার। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সালনা–কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আব্দুল করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।