কুড়িগ্রামে ধরলা নদীতে ১৭৫০ মিটার সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল


কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে ধরলা নদীতে ১৭৫০ মিটার সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত প্রায় ১৭৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় গিয়ে প্রতিনিধি দলটি সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান ও সংশ্লিষ্ট কারিগরি দিক পর্যালোচনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাইয়ের নেতৃত্বে বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।

এসময় বাংলাদেশ সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ধরলা নদীর ওপর প্রস্তাবিত এই সেতুটি নির্মিত হলে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার প্রায় ৮ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসঙ্গে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, ঈদের পর একটি স্টাডি টিম সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।