কাঠি ভাজার লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে নিয়ে টং ঘরে যুবক, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
কাঠি ভাজার লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে নিয়ে টং ঘরে যুবক, অতঃপর…

রাজধানীতে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই যশোরের শার্শা উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলম গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাত ১টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলম গাজী উপজেলার সরুপদাহ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার অভিযোগ করে, অভিযুক্ত আলম গাজী শিশুটিকে কাঠি ভাজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি টং ঘরে নিয়ে যায়। সেখানে তিনি শিশুটির ওপর নির্যাতন চালিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আলম গাজীকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে এর আগে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন সোহেল।