ইমুতে প্রেম-বিয়ে, ভিনদেশি স্বামীর কাছে যাওয়ার পথে ধরা বাংলাদেশি নারী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
ইমুতে প্রেম-বিয়ে, ভিনদেশি স্বামীর কাছে যাওয়ার পথে ধরা বাংলাদেশি নারী

মোবাইল অ্যাপ ইমুতে পরিচয়, এরপর প্রেম এবং পরে মোবাইল ফোনে বিয়ে। এমন সম্পর্কের টানেই ভারতে স্বামীর কাছে যাওয়ার পথে সীমান্ত অতিক্রমকালে বিএসএফের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশি নারী। এ সময় তার সঙ্গে ছিল তিন বছর বয়সী কন্যাসন্তান।

শনিবার (২৩ মে) সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা আটক নারী ও তার শিশুকন্যাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

আটক নারীর নাম বৃষ্টি খাতুন (২৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগে তিনি ইমরান হোসেন নামে এক ব্যক্তির স্ত্রী ছিলেন। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে।

বৃষ্টি খাতুনের দাবি, মোবাইল ফোনে ভারতের মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা মাইদুল শেখের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমেই বিয়ে করেন তারা। এরপর স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে এক দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন তিনি।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) ভোরে পঞ্চগড় সীমান্তের মেইন পিলার ৭৫১-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে বৃষ্টি খাতুন ও তার মেয়ে আয়েশা খাতুনকে আটক করে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। একই দিন রাতে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় যাচাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ওই নারী এর আগেও একবার ভারতে গিয়েছিলেন। তদন্তে জানা গেছে, তিনি ভারতের মুর্শিদাবাদে অবস্থানরত মাইদুল শেখের কাছেই যাচ্ছিলেন। তিনি আরও জানান, শুক্রবার রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে এবং এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।