
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা দিতে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক একটি বিশেষ সেমিনার। “স্বপ্ন যেখানে সার্থক” এবং “Plan Today, Achieve Tomorrow” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী ভর্তি কোচিং ইউসিসি (UCC)-এর লালমনিরহাট শাখা এই সেমিনারের আয়োজন করে।
আজ ২৩ মে (শনিবার) সকাল থেকে দিনব্যাপী লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (ডিস্ট্রিক্ট কাউন্সিল অডিটোরিয়াম) এই তথ্যবহুল সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জজ কোর্টের লিগ্যাল এইড অফিসের সিনিয়র সিভিল জজ গিয়াস উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার রায়, হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, কুমরিরহাট স্কুল এন্ড কলেজের আহসান হাবীব বুলু, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের জনক রায় এবং বড়বাড়ি শহীদ স্মৃতি আবুল কাশেম কলেজের রাজ হাসান সবুজ।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল কঠোর পরিশ্রম নয়, বরং সঠিক পরিকল্পনা ও কৌশলী প্রস্তুতির মাধ্যমেই বিশ্ববিদ্যালয় ভর্তির যুদ্ধ জয় করা সম্ভব। বিশেষ করে গণিত ও ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কীভাবে ভালো নম্বর তোলা যায়, সে বিষয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ভর্তিচ্ছুকদের সঠিক গাইডলাইন ও অনুপ্রেরণা দিতে সেমিনারে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি-এর জনপ্রিয় শিক্ষক নয়ন আহমেদ পাশা এবং বিশিষ্ট শিক্ষাবিদ তফিস উদ্দিন মানিক। তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভর্তি পরীক্ষার ভয় জয় করার কৌশল শিখিয়ে দেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে উপস্থাপনা করেন ইউসিসির ম্যানেজিং ডাইরেক্টর শেফাউল আজম। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে এবং ভর্তি প্রস্তুতির পথকে সহজ করেছে।
আপনার মতামত লিখুন :